পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:০২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:০২:৫৮ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে এক সার ডিলারের গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষক-জনতা।
 

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সার ডিলার প্রদীপ কুমার পালের গোডাউনে এ ঘটনা ঘটে। পরে সার ফেরত অথবা সমপরিমাণ টাকা ডিলারকে দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করেছে প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে বিতরণ করা হচ্ছিল। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপি মিলিয়ে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। বিতরণের জন্য ১৭১টি মেমোও কাটা হয়।
 

একই সময়ে ইউনিয়নের আরও দুটি পয়েন্টে সার বিতরণ চলছিল। তবে ওই দুটি পয়েন্টের সার শেষ হয়ে গেলে সেখানকার হাজারো কৃষক প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে ভিড় করেন। এর আগে প্রায় দুই থেকে তিন হাজার কৃষক ভোর থেকেই সার সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
 

দুপুরের দিকে ভিড় ও উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। একপর্যায়ে ডিলার সার বিতরণ বন্ধ করে দেন। পরে বিক্ষুব্ধ লোকজন গোডাউন ভেঙে সেখান থেকে ৬১১ বস্তা সার নিয়ে যান।
 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 

বিকেলে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. আবু আশ্রাফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধ ব্যক্তিরা ছয় শতাধিক বস্তা সার নিয়ে গেছেন। সারের কোনো সংকট নেই। এরপরও বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
 

চাটমোহর থানার ওসি মো. অলিউর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 

ইউএনও মো. খালিদ হাসান বলেন, উপজেলায় সারের সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। সার ফেরত দেওয়া অথবা সমপরিমাণ টাকা ডিলারকে দেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com