ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা। তাঁর দাবি, শেখ হাসিনার নামে আবেদন চেয়ে ই-মেইল এলেও সেটি তাঁর পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। তিনি বলেন, শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন একটি ই-মেইল পেয়েছে।
সুজাউদ্দৌল্লার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেননি। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত শিরোনাম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ই-মেইলটি পাঠানো হয়েছে।
ওই ই-মেইলে শেখ হাসিনার নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা তাঁর পক্ষে যোগাযোগের কোনো প্রমাণপত্র ছিল না বলে জানান সুজাউদ্দৌলা।
তিনি আরও বলেন, ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এটি শেখ হাসিনার পক্ষ থেকে করা অনুরোধ কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় পাওয়া যায়নি।
পাসপোর্ট আবেদনের নিয়ম উল্লেখ করে সুজাউদ্দৌলা বলেন, বাংলাদেশে ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণ করতে হয়। এরপর পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।
তাঁর দাবি, রয়টার্স ও এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদনপত্র জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কোনো উল্লেখ নেই। সে কারণে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিটিকে আনুষ্ঠানিক আবেদন না বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ হিসেবে দেখছেন তিনি।
এ বিষয়ে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানও একই ধরনের তথ্য তুলে ধরেছে বলে নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। সোমবার তাঁর আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চিঠিটি দেখার সুযোগ পাওয়ার কথাও জানিয়েছিল রয়টার্স। তবে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, হাইকমিশনে পাঠানো ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাঁর পক্ষ থেকে এ ধরনের যোগাযোগের খবর প্রথম প্রকাশ করে রয়টার্স।