ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের মধ্যে সরকার গঠন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নীতিগতভাবে দুজনের অবস্থানে তেমন পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার, ৯ নভেম্বর প্রকাশিত এশিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়, রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। এ বিষয়ে টাইমস অব ইসরায়েলের বরাত দেওয়া হয়েছে।
ইসরায়েলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে নেতানিয়াহুর আগে আইজেনকটকে সুযোগ দেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।
জবাবে ট্রাম্প বলেন, নীতিগতভাবে দুজন প্রায় একই রকম। আইজেনকট তাঁর সম্পর্কে ভালো কথা বলেছেন এবং তাঁকে ভালোবাসেন বলেও জানিয়েছেন। তবে ইসরায়েলে কী ঘটছে, তা এখনো তিনি দেখেননি।
ট্রাম্প বলেন, নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। এখন কী হয়, তা দেখার বিষয়।
গত মাসে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। তবে এরপরও আইজেনকট তাঁর সমালোচনা এড়িয়ে গেছেন।
নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরতে আইজেনকট সরকার পরিচালনার ধরন পরিবর্তনের কথা বলেছেন। যদিও নীতিগত বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সুনির্দিষ্ট পার্থক্য এখনো স্পষ্ট করেননি।
নেতানিয়াহুর বিদায়ী জোটের তুলনায় অপেক্ষাকৃত মধ্যপন্থি সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন আইজেনকট। ওই জোটে উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলো ছিল।