নিউইয়র্কে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাঈদ

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী সোমা এস সাঈদ। নির্বাচনের মাধ্যমে এ পদে পৌঁছানো নিউইয়র্কের প্রথম বাংলাদেশি-আমেরিকান তিনি।

 

আমার দেশ অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের ১১তম বিচারিক জেলায় সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হন সোমা সাঈদ। নির্বাচনী কর্তৃপক্ষের প্রকাশিত ফলাফলে তাঁর জয় নিশ্চিত হয়। একই বছরের ১৮ ডিসেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।
 

এর আগে ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন সোমা। পরবর্তী সময়ে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানহাটনের নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জানুয়ারিতে আবার কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারকের দায়িত্বে ফেরেন তিনি।
 

সোমা সাঈদের জন্ম বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তাঁর বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক ম্যাজিস্ট্রেট। মা আমিনা বেগম সাঈদ ছিলেন শিক্ষানুরাগী।
 

মাত্র ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সোমা। পরে নিউইয়র্কের কুইন্সে বেড়ে ওঠেন তিনি। নানা প্রতিকূলতা পেরিয়ে সেখানে পড়াশোনা চালিয়ে যান।
 

নিউইয়র্কের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনি ল স্কুল থেকে আইন বিষয়ে জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি নেন।
 

আইন বিষয়ে পড়াশোনা শেষ করে নিউইয়র্কে আইন পেশায় যুক্ত হন সোমা সাঈদ। ২০০৪ সাল থেকে আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন নিজের আইন প্রতিষ্ঠান ‘সোমা সাঈদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’।
 

প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে দেওয়ানি, পারিবারিক, অভিবাসন, আবাসন ও করপোরেট আইনের নানা বিষয়ে কাজ করেছেন তিনি।
 

এ ছাড়া ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কের হেম্পস্টেড গ্রামের বিশেষ কৌঁসুলি বা স্পেশাল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ট্রাফিক, আবাসন ও স্থানীয় আইন লঙ্ঘনসংক্রান্ত মামলাগুলো পরিচালনা করেন তিনি।
 

২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন সোমা। পরের বছর তাঁকে ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টে দায়িত্ব দেওয়া হয়। সেখানে ফৌজদারি মামলার শুনানি, জামিনসংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন বিচারিক দায়িত্ব পালন করেন।
 

২০২৪ সালে আবার কুইন্স কাউন্টি সিভিল কোর্টে ফিরে আসেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের নির্বাচনে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়ে বিচার বিভাগে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছান এই বাংলাদেশি-আমেরিকান নারী।
 

বিচারিক দায়িত্বের পাশাপাশি বিভিন্ন আইনজীবী সংগঠন ও নাগরিক অধিকারবিষয়ক কর্মকাণ্ডেও সক্রিয় সোমা সাঈদ। তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি ছিলেন।
 

এ ছাড়া এশিয়ান আমেরিকান জাজেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
 

কোভিড-১৯ মহামারির সময় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণে ভূমিকা রাখেন সোমা। পাশাপাশি নতুন প্রজন্মের আইনজীবী তৈরিতে শিক্ষার্থীদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার কাজেও যুক্ত রয়েছেন।
 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারীর এ অর্জন অভিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর সাফল্যে গর্বিত প্রবাসী বাংলাদেশিরাও।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com