জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৪:৩৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৪:৩৩:২২ অপরাহ্ন
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) তেল চুরি, বিতর্কিত নিয়োগ এবং আওয়ামীপন্থী শিক্ষকদের সুবিধা নেওয়ার সুবিধাবাদী আচরণের বিরুদ্ধে সরব হয়ে সংবাদ সম্মেলন করেছে 'জাতীয় ছাত্রশক্তি' জাবিপ্রবি শাখা। 

রবিবার (৮ নভেম্বর) বিকেল ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সার্বিক বিষয় তুলে ধরেন জাতীয় ছাত্রশক্তি জাবিপ্রবি শাখার আহ্বায়ক মোঃ লিটন আকন্দ।

বক্তব্যে লিটন আকন্দ বলেন, "ক্যাম্পাসের বিগত কিছুদিন যাবত একাধিক অসংগতি আমাদের চোখে পড়ছে। কিছুদিন পূর্বে ক্যাম্পাসে যে তেল চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা থাকলেও তার কোনো ফলাফল সাধারণ শিক্ষার্থীরা জানতে পারেনি। আদৌ তদন্ত হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রশাসনকে অবিলম্বে তদন্তের মাধ্যমে তেল চুরিতে জড়িতদের সুনির্দিষ্ট বিচার নিশ্চিত করতে হবে।"

ক্যাম্পাসের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "সম্প্রতি কিছু নিয়োগ সম্পন্ন হতে দেখা গেছে, কিন্তু এসব নিয়োগের মূল ভিত্তি কী, তা সাধারণ শিক্ষার্থীরা জানতে চায়। নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় সার্কুলার দেওয়া, আবেদনকারীদের ডাকা ও সিলেকশন বোর্ড গঠন করার কথা। কিন্তু সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে কীভাবে নিয়োগ হচ্ছে? প্রশাসন যদি এ নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না দেয়, তবে শিক্ষার্থীরা ধরে নেবে এটি অবৈধ বা বেআইনি নিয়োগ।"

বিগত সরকারের আমলের শিক্ষকদের সুবিধাবাদী অবস্থান ও পুরনো অনিয়মের তদন্ত দাবি করে ছাত্রশক্তি নেতা বলেন, "৫ আগস্ট-পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি, অতীতে যেসব আওয়ামীপন্থী শিক্ষক একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তাঁরা এখন খোলস বদলে অন্য দলের সাফাই গাইছেন এবং প্রশাসনের বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। পূর্বে বয়সের জটিলতা থাকা সত্ত্বেও কিছু শিক্ষকের বিতর্কিত নিয়োগ হয়েছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করে সুনিশ্চিত বিচার করতে হবে।"

তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিগত দিনে দেখা গেছে—কারো বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলে সেই কমিটিতে তার পরিচিত বা সহযোগীদেরই রাখা হয়, যার ফলে পরবর্তীতে সেই তদন্ত আর আলোর মুখ দেখে না। আমরা জানতে চাই, এগুলোতে কীভাবে তদন্ত পরিচালিত হয়? নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ঠিক কোথায়, তা শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করতে হবে।"

প্রশাসনকে সতর্ক করে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক বলেন, "প্রশাসন যদি বিগত ফ্যাসিস্ট আমলের বিতর্কিত নিয়োগ ও কর্মকাণ্ডের পথে আবার হাঁটে, তবে জাতীয় ছাত্রশক্তি এর বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে।"

এসময় সংবাদ সম্মেলনে জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির  সদস্য সচিব মামুনুর রশীদ (মামুন), মুখ্য সংগঠক মনির আহমেদসহ অন্যন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com