সাংবাদিককে হয়রানি, গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ এবং জাতীয় সংগীতের সঙ্গে আপত্তিকর বক্তব্য প্রকাশের ঘটনায় চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান।
নোটিশে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অশালীন অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন অশ্লীল নগ্ন কিংবা অর্ধনগ্ন নৃত্য চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শন না করার কথা বলা হয়েছে।
নোটিশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে শোকজ নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের দাবি, পরীমণি বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন এবং বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
নোটিশে তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে পরীমণির কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সাধারণ মানুষ।