জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয় ২৪ ছাত্র হলের ছাদে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। জমে থাকা প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ১ নম্বর আহ্বায়ক সদস্য সাখাওয়াত হোসেন জিকুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে শুরু হওয়া এ অভিযানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা হলের ছাদে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, প্যাকেট ও জমে থাকা পানি পরিষ্কার করেন।
কর্মসূচি সম্পর্কে সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘পরিচ্ছন্ন হল, সুস্থ মন’ স্লোগান সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের হলের ছাদে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ ও সুন্দর একাডেমিক পরিবেশের জন্য স্বাস্থ্যকর পরিবেশ অপরিহার্য।
তিনি বলেন, ক্লাস-পরীক্ষার ক্লান্তি শেষে হলের ছাদ শিক্ষার্থীদের মানসিক স্বস্তি দেয়। কিন্তু অসচেতনতার কারণে ছাদটি প্লাস্টিকের বোতল, প্যাকেট ও ময়লার স্তূপে পরিণত হয়েছিল। ছাদের এক পাশে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কাও ছিল। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতেই সম্মিলিতভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জিকু আরও বলেন, হলের ছাদ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দায়িত্ব সবার। শিক্ষার্থীদের সচেতনতাই একটি সুস্থ-সুন্দর হল ও ক্যাম্পাস গড়ে তুলতে পারে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য দীপু রায়, সারোয়ার হোসেন সজীব, সাদ ইবনে ওয়াহিদ, সিফাত হাসান স্বচ্ছ, মামুন আহমেদ, মো. মাহফুজ রহমান ও জিহাদ আহমেদ।