জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০২:০৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০২:০৩:১৫ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জিওলজি (ভূতত্ত্ব) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রভাষক ওয়াহিদা আক্তার। তিন বছরের জন্য এ দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন তিনি।
 

গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারোয়ার জাহানের স্বাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
 

অফিস আদেশে বলা হয়েছে, জাবিপ্রবি আইনের প্রথম সংবিধির ধারা ৪-এর উপধারা ২ এবং ২(খ) অনুযায়ী ওয়াহিদা আক্তারকে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়ম অনুযায়ী তিনি প্রাপ্য ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি সদ্য সাবেক চেয়ারম্যানের কাছ থেকে দ্রুত দায়িত্ব বুঝে নিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

শিক্ষকতায় যোগ দেওয়ার আগে ওয়াহিদা আক্তার দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে পেট্রোবাংলার অধীন বাপেক্সে সহকারী ব্যবস্থাপক, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসবি) সহকারী পরিচালক এবং পরিবেশ মন্ত্রণালয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন।
 

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে ওয়াহিদা আক্তার বলেন, বিভাগের চেয়ারম্যান হওয়া তাঁর জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি বড় দায়িত্বের বিষয়। তিনি পদটিকে শুধু সম্মান হিসেবে নয়, বরং বিভাগের উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ হিসেবে দেখছেন।
 

এ সময় বিভাগটির ভিত্তি গড়ে দেওয়ার জন্য সদ্য সাবেক চেয়ারম্যান গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেনকে বিভাগ ও ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
 

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ওয়াহিদা আক্তার বলেন, তাঁর স্বপ্ন শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তাঁরা প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। জিওলজিক্যাল সেক্টরে চাকরি, বিসিএস কিংবা দেশে-বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা—সব ক্ষেত্রেই শিক্ষার্থীরা যেন যোগ্যতা ও মেধার পরিচয় দিতে পারেন, সে প্রত্যাশা তাঁর।
 

উল্লেখ্য, ওয়াহিদা আক্তার জিওলজি বিভাগের প্রথম শিক্ষক এবং বিভাগটির প্রথম নারী চেয়ারম্যান। বিভাগ প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com