ইউটিউবের নেভিগেশন বারে নতুন নকশা, বিরক্ত ব্যবহারকারীরা

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০১:৪৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০১:৪৬:৪৯ অপরাহ্ন

ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ করতে ইউটিউব অ্যাপে নতুন নকশা এনেছে প্রতিষ্ঠানটি। তবে নেভিগেশন বারে গুরুত্বপূর্ণ অপশনের অবস্থান বদলে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন অনেক ব্যবহারকারী।
 

বিজিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বর মাসে ইউটিউব নেভিগেশন বারের নতুন নকশা উন্মোচন করে। এতে আগের পরিচিত ‘সাবস্ক্রিপশনস’ অপশনটি সরাসরি চোখে পড়ছে না। ‘সাবস’ নামে অপশনটি এখন ওপরের মেনুতে ‘হোম’ ও ‘মুভিজ অ্যান্ড টিভি’র মাঝখানে রাখা হয়েছে।
 

নতুন নকশায় শুধু সাবস্ক্রিপশন অপশনের অবস্থানই বদলায়নি, সরিয়ে দেওয়া হয়েছে ‘লাইব্রেরি’ ট্যাবও। ফলে সম্প্রতি দেখা ভিডিও, ডাউনলোড করা কনটেন্ট, প্লেলিস্টসহ লাইব্রেরির বিভিন্ন উপাদান খুঁজতে এখন ব্যবহারকারীদের নিজেদের প্রোফাইলে যেতে হচ্ছে।
 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অসন্তোষ জানিয়েছেন ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘কে ঠিক করল যে এটি ভালো নকশা?’ নেভিগেশন বারে যুক্ত করা হয়েছে ‘লিকুইড গ্লাস’ নকশা ও ভাসমান উপস্থাপনাও।

 

ইউটিউবের সাম্প্রতিক পরিবর্তনগুলো থেকে ধারণা করা হচ্ছে, অ্যাপের নকশা আরও পরিচ্ছন্ন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সুবিধাগুলো সামনে আনতে চাইছে প্রতিষ্ঠানটি। তবে কোন ফিচারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, নতুন নকশায় সেটিও স্পষ্ট হয়ে উঠছে।
 

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে প্রতিযোগিতায় ইউটিউবও শর্টসকে গুরুত্ব দিচ্ছে। ছোট ভিডিওর মাধ্যমে দ্রুত বিনোদনের সুযোগ তৈরি হওয়ায় ব্যস্ত ব্যবহারকারী কিংবা দীর্ঘ ভিডিও দেখার সময় না থাকা ব্যক্তিদের কাছে এটি সুবিধাজনক হতে পারে।
 

তবে শর্টস নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিরক্তিও রয়েছে। ফিডে অতিরিক্ত ছোট ভিডিও দেখতে দেখতে কেউ কেউ এই সুবিধা এড়িয়ে চলছেন। বিশেষ করে দীর্ঘ ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করেন, এমন দর্শকদের কাছে শর্টসের গুরুত্ব তুলনামূলক কম।
 

তারপরও নতুন নেভিগেশন বারে শর্টসকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ‘হোম’ ও ‘প্রোফাইল’ অপশনের সঙ্গে জায়গা পেয়েছে ‘আপলোড’ বোতাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা সরাসরি নিজেদের ডিভাইস থেকে ভিডিও ধারণ, লাইভ সম্প্রচার এবং পোস্ট আপলোড করতে পারবেন।
 

নেভিগেশন বারে আলাদা করে আপলোড বোতাম রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা কত ঘন ঘন ফোন থেকে ভিডিও আপলোড করেন, যে কারণে এই সুবিধাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে—তা নিয়েও আলোচনা চলছে।
 

সব মিলিয়ে ইউটিউবের নকশায় শর্টসের প্রভাব আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আপাতত শর্টস সরিয়ে ফেলার কোনো ইঙ্গিত নেই। বরং ভবিষ্যতের আপডেটগুলোতে এই ফিচার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে ব্যবহারকারীদের নতুন নকশার সঙ্গে মানিয়ে নিতে হতে পারে।
 

সূত্র: বিজিআর

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com