দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও বেড়েছে।
বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নিচে দেওয়া হলো—
| সিলিন্ডারের ওজন | আগের দাম | নতুন দাম |
|---|---|---|
| ৫.৫ কেজি | ৮৪২ টাকা | ৯৪৪ টাকা |
| ১২ কেজি | ১,৮৩৭ টাকা | ২,০৬০ টাকা |
| ১২.৫ কেজি | ১,৯১৩ টাকা | ২,০৪৬ টাকা |
| ১৫ কেজি | ২,২৯৬ টাকা | ২,৫৭৫ টাকা |
| ১৬ কেজি | ২,৪৪৯ টাকা | ২,৭৮৭ টাকা |
| ১৮ কেজি | ২,৭৫৫ টাকা | ৩,০৯০ টাকা |
| ২০ কেজি | ৩,০৬১ টাকা | ৩,৪৩৪ টাকা |
| ২২ কেজি | ৩,৩৬৭ টাকা | ৩,৭৭৭ টাকা |
| ২৫ কেজি | ৩,৮২৭ টাকা | ৪,২৯২ টাকা |
| ৩০ কেজি | ৪,৫৯২ টাকা | ৫,১৫০ টাকা |
| ৩৩ কেজি | ৫,০৫১ টাকা | ৫,৬৬৫ টাকা |
| ৩৫ কেজি | ৫,৩৫৭ টাকা | ৬,০০৯ টাকা |
| ৪৫ কেজি | ৬,৮৮৮ টাকা | ৭,৭২৬ টাকা |
বিইআরসির বিজ্ঞপ্তিতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং রিটেইলার চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটার ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। বাজারে এলপিজির সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।