ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রোববার (১ নভেম্বর) রাজধানীর রামলীলা ময়দানে আয়োজিত এ সমাবেশে ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন বিরোধী নেতারা।
রোববার ভোর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়। বিকেল ৩টার কিছু আগে হুডখোলা গাড়িতে করে রামলীলা ময়দানে পৌঁছান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
সমাবেশে রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ এবং আইসা নেত্রী নেহা বোরা। বক্তারা বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমার কথা শুনে রাখুন। আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।’
তিনি আরও বলেন, ‘জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে রাহুল বলেন, ‘অমিত শাহ বলেছিলেন, নরেন্দ্র মোদি কোথাও যাবেন না। আমি আপনাদের উল্টোটা বলছি। নরেন্দ্র মোদি কোথাও যেতে পারবেন না। যদি তিনি যেতেও চান, আমরা তাকে যেতে দেব না। জ্ঞানেশ কুমারের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
দেশের সংবিধানকে ধ্বংস হতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কংগ্রেসের এই নেতা।
সূত্র: আনন্দবাজার অনলাইন।