রাশিয়া ইস্যুতে সংযত থাকতে ন্যাটোভুক্ত দেশগুলোকে পেন্টাগনের পরামর্শ

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:৪০:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:৪০:১১ পূর্বাহ্ন

রাশিয়াকে ঘিরে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ন্যাটোভুক্ত কয়েকটি ইউরোপীয় দেশকে সংযত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইউরোপীয় নেতাদের কিছু মন্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।
 

বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়াসহ কয়েকটি দেশকে রাশিয়াকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পেন্টাগন। দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এসব বার্তা দেওয়া হয়েছে। তবে ইউরোপের অন্য দেশগুলোকেও একই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
 

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা একান্তই অভ্যন্তরীণ বিষয়। তাই এ ধরনের অভিযোগ নিয়ে তাঁরা কোনো মন্তব্য করবেন না।
 

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানায়, ইউরোপীয় নেতাদের কিছু বক্তব্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজরে এসেছে। এসব বক্তব্যে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে বিচ্ছিন্ন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
 

ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের সংখ্যা নিয়ে কাজ করা পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কোলবির মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে এই বার্তা পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। তবে এ উদ্যোগে আর কোন কোন মার্কিন কর্মকর্তা যুক্ত ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
 

রাশিয়ার হুমকি মোকাবিলায় ন্যাটোর ভেতরে মতপার্থক্য

 

রাশিয়ার হুমকি মোকাবিলায় ন্যাটোভুক্ত দেশগুলোর করণীয় নিয়ে জোটের সদস্যদের মধ্যে মতপার্থক্য রয়েছে। এক পক্ষের মতে, মস্কোর কর্মকাণ্ড নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে তা রাশিয়ার কৌশলকেই সফল করতে পারে। তাদের আশঙ্কা, ইউরোপে ভয় ও আতঙ্ক ছড়িয়ে ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন দুর্বল করাই ক্রেমলিনের অন্যতম লক্ষ্য।
 

অন্য পক্ষের যুক্তি, রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপীয় সরকারগুলোর জনগণের কাছে স্বচ্ছ থাকা প্রয়োজন। মস্কোর প্রভাব মোকাবিলায় কী ধরনের ত্যাগ স্বীকার করতে হতে পারে এবং প্রতিরক্ষা খাতে কতটা অর্থ ব্যয় করা প্রয়োজন, সে বিষয়ে নাগরিকদের স্পষ্ট ধারণা দেওয়া জরুরি।
 

বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার কথিত গোপন তৎপরতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার অভিযোগের প্রেক্ষাপটে এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
 

তবে ইউরোপের বিভিন্ন দেশে এ ধরনের গোপন অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com