গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, বৈদ্যুতিক পাখা ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে সাহেদ তালুকদার নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, গত ২৭ অক্টোবর সরকারি ছুটির দিন দাপ্তরিক কাজ শেষে দুপুরে তিনি বাড়ি চলে যান। পরে বেলা পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে তাঁকে জানান, সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি বৈদ্যুতিক পাখা খুলে নিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে দ্রুত কলেজে গিয়ে তিনি ঘটনার সত্যতা পান বলে জানান অধ্যক্ষ। পরে কলেজের সভাপতি ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী বলেন, কলেজের মালামাল চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।