বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১১:০৩:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১১:০৩:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে প্রতিবছর এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে—দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকেও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো এ তথ্য জানান।
 

তিনি বলেন, বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর সত্য নয়। গত ২৭ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দেন তিনি।
 

জাপানের এ বক্তব্য এমন সময়ে এল, যখন দেশটিতে বছরে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কয়েকটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, জাপানের শ্রমবাজারের চাহিদা কাজে লাগিয়ে প্রতিবছর এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এ ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণার্থী, নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী এবং বিভিন্ন খাতের পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছিল।
 

তবে বাংলাদেশের পক্ষ থেকে কর্মী পাঠানোর পরিকল্পনা এবং জাপান সরকারের নির্দিষ্ট সংখ্যক কর্মী নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া এক বিষয় নয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এ দুইয়ের পার্থক্য স্পষ্ট হয়েছে।
 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ২৭ অক্টোবরের শীর্ষ বৈঠকের বিবরণে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে আলোচনার কথা উল্লেখ রয়েছে। তবে বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার কোনো সিদ্ধান্তের কথা সেখানে বলা হয়নি।
 

বৈঠকের বিবরণ অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার কথাও উল্লেখ করা হয়েছে।
 

বর্তমানে বাংলাদেশ থেকে জাপানে নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) এবং টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যাওয়ার সুযোগ রয়েছে। ২০১৯ সালে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা স্মারকও সই হয়।
 

তবে জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় ভাষাগত দক্ষতা ও নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে। ফলে বছরে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে কোনো চুক্তি বা জাপান সরকারের সম্মতির তথ্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com