পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলায় একটি স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের দুই ধাত্রী ও এক নারী সহকারী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকর্মীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের (পিপিএইচআই) পরিচালনাধীন অ্যাম্বুলেন্সটিতে অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। পরে সেখানে বিস্ফোরণ ঘটে।
থরপারকারের সহকারী কমিশনার এরুম করিম নারেজো জানান, স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে পার্ক করা অ্যাম্বুলেন্সটিতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সচালক, একজন নিরাপত্তাকর্মী ও আরেক কর্মী রয়েছেন। এ ছাড়া নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং তাঁর সঙ্গে থাকা আরও দুজন ব্যক্তি রয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: জিও নিউজ।