পটুয়াখালীর মির্জাগঞ্জে মেহগনি গাছ কাটতে গিয়ে গাছের আঘাতে রুবেল জোমাদ্দার (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল ওই গ্রামের বজলু জোমাদ্দারের ছেলে। তিনি মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মনির মজুমদার।
নিহতের বড় ভাই আল আমিন জোমাদ্দার জানান, সোমবার বেলা ২টার দিকে রুবেল তাঁর বাবার সঙ্গে বাড়ির পাশের বাগানে একটি মেহগনি গাছ কাটতে যান। গাছটি মাটিতে পড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত রুবেলের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে বরিশালের নথুল্লাবাদ এলাকায় তাঁর মৃত্যু হয়।
মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ বলেন, রুবেল সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সহযোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, মাধবখালী ইউনিয়নে গাছ কাটতে গিয়ে রুবেল জোমাদ্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে রুবেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।