ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ মার্চ এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ১৯, ২০ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ভর্তি কমিটির সভায় এসব সম্ভাব্য তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়। সভায় পরীক্ষার সময়সূচির পাশাপাশি কেন্দ্র ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি কমিটির অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।
নতুন দুই বিভাগে শিক্ষার্থী ভর্তি
আসন্ন শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও কলা অনুষদের অধীন ছয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি বিদ্যমান বিভাগের পাশাপাশি নতুন দুটি বিভাগেও শিক্ষার্থী নেওয়া হবে।
বিভাগগুলো হলো—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, তুলনামূলক তাফসীর এবং সিরাত আল-নাবাবিয়া।
তবে ভর্তি পরীক্ষার তারিখগুলো এখনো সম্ভাব্য পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সময়সূচি ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।