জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আগের সব কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এই দুইয়ের মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১ আগস্ট নিজ কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন অধ্যাপক শামীমা সুলতানা। সে সময় জাবির বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে থাকাকালীন তাঁর কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ছবিতে তাঁর পেছনের দেয়ালে তৎকালীন রাষ্ট্রপতির ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়েছিল, যা সে সময় ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়।