চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম নামে এক বৃদ্ধকে পারিবারিক গোরস্থানে দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাতের আঁধারে তাকে নিজের বসতবাড়ির আঙিনায় দাফন করেছেন স্বজনরা।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কুলশী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন বেলা ১১টার দিকে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন নুরুল ইসলাম মিয়াজী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আসরের নামাজের পর জানাজা শেষে নুরুল ইসলামের মরদেহ তাদের দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে দাফন করতে যান স্বজনরা। এ সময় একই বাড়ির মো. আলমের পরিবার দাফনে আপত্তি ও বাধা দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। শেষ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দাফনপ্রক্রিয়া সম্পন্ন করতে বাড়ির আঙিনাতেই তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেয় পরিবার।
নিহতের ভাগনে খোকন পাটোয়ারী জানান, তাঁর মামার কোনো ছেলে নেই, কেবল পাঁচটি মেয়ে রয়েছে। গোরস্থানটি তাঁদের পূর্বপুরুষদের হলেও মো. আলমের পরিবার অহেতুক বিরোধ সৃষ্টি করায় লোকলজ্জা ও ঝামেলা এড়াতে বাড়ির উঠানে দাফন করা হয়েছে। নিহতের ভাতিজা মাহবুবুর আলম জানান, সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও গোরস্থানে দাফনের ওপর আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না।