রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সড়কের পাশের দোকানপাটও খোলেনি।
জানা যায়, সাজেক থেকে জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত একটি শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজকের এই কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
তবে এই অবরোধের কোনো প্রভাব পড়েনি রাঙামাটি মূল শহরে। শহরের অভ্যন্তরীণ যান চলাচল, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলাচল এবং নৌপথে লঞ্চ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এদিকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকায় সেখানকার পরিস্থিতি এখনো থমথমে। উজোবাজার এলাকায় আজও খোলেনি কোনো দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে নিয়মিত টহল দিচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের যাতায়াতে জেলা প্রশাসনের দেওয়া বিধিনিষেধও এখনো বহাল রয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।