ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন যাত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিনজনের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি দুজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।