শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৬:২২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৬:২২:২৪ অপরাহ্ন
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করে প্রচারণার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
​বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাইকিংয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
​গ্রেপ্তারকৃতরা হলেন—মান্দা উপজেলার ১২নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)।
 
​পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার একটি সীমান্ত এলাকায় অটোরিকশায় মাইক লাগিয়ে প্রকাশ্য প্রচারণা চালানো হয় যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন। প্রচারণায় দল-মত নির্বিশেষে সবাইকে প্রস্তুত থেকে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। এই মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।
 
​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় এই মাইকিং করা হয়েছে। ভিডিওটি নজরে আসার পরই দ্রুত অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com