দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:৫৪:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:৫৪:৫২ পূর্বাহ্ন
কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে তৃণমূল পর্যায়ে এই কমিটি কাজ করবে।
​মঙ্গলবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায়ের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইউএনও। পাশাপাশি সদস্য সচিবের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
 
​তবে কমিটির মোট সদস্য সংখ্যা কত হবে বা তাদের সুনির্দিষ্ট কার্যপরিধি কী হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ নির্দেশনা আসতে পারে।
 
​সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার এই উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দেশজুড়ে সাঁড়াশি অভিযান জোরদার করেছে।
 
​এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে কুমিল্লায় পাঁচ শতাধিক এবং চাঁদপুরে ৭৬ জনকে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটকের পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
​গত মাসে চট্টগ্রামে সবজি বিক্রেতা হৃদয় (১৬) হত্যাকাণ্ডের পেছনেও কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের প্রমাণ পেয়েছে পুলিশ।

এদিকে, অভিযান জোরদার হওয়ায় বিভিন্ন জেলায় গ্রেপ্তার হওয়া কিশোরদের চাপে কারাগারগুলোতে স্থান সংকট দেখা দিচ্ছে বলে কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে।
​রাজধানীতেও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com