দলীয় ইচ্ছার বাইরে গিয়ে ‘বিশেষ কারণে’ মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মূলত মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সৃষ্ট পরিস্থিতির জেরেই তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
পদত্যাগের নেপথ্যের কারণ সম্পর্কে ইশরাক হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলের ইচ্ছার বিরুদ্ধে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে।’
তবে তাকে পদত্যাগে বাধ্য করার সেই বিশেষ কারণগুলো সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন বলে জানান তিনি।
পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান আগামীতে আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই রাজনীতিক।
তিনি বলেন, ‘এখন থেকে আমি আরও জোরালোভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তবে ভবিষ্যতে এমন উপযুক্ত পদ্ধতিতে কাজ করব, যাতে নতুন করে আর কোনো বিতর্কের সৃষ্টি না হয়।’