জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) গবেষণায় স্বীকৃতি ও উৎসাহ দিতে শিক্ষকদের মাঝে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এতে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা পেয়েছেন তিন শিক্ষক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাবিপ্রবির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গবেষণায় প্রথম স্থান অর্জন করেছেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আতিকুর রহমান। এছাড়া একই বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছেন সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী।
জাবিপ্রবি রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার সারোয়ার জাহান।
জানা যায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ‘রিসার্চ পাবলিকেশন ফেয়ার-২০২৫’-এ ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে এই শ্রেষ্ঠ গবেষকদের নির্বাচন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের বিজয়ী শিক্ষকদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ গবেষণা প্রণোদনাও ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।