যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই মাথা নত করবে না ইরান। ওয়াশিংটন নিজেদের দাবি না মানা পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার স্পষ্ট ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ বা অন্তহীন আলোচনায় জড়াতে চান না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তেহরান পিছু হটবে না।
 

তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে, রাজনৈতিক অঙ্গনেও তার শক্ত ভিত্তি তৈরি করতে হবে।
 

গালিবাফ বলেন, ‘আমরা মূলত শত্রুকে ক্লান্ত করে তুলতেই এই লড়াই চালিয়ে যাচ্ছি। যাতে তারা বাধ্য হয়ে আমাদের সব দাবি মেনে নেয়।’
 

এদিকে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে দুটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, এর মধ্যে একটি জাহাজে ক্ষেপণাস্ত্রের মতো কিছু আঘাত করেছে এবং অপরটি সমুদ্রের মাইনের আঘাতে ডুবে গেছে।
 

এই অঞ্চলে ক্রমাগত হামলার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে।
 

ট্রাম্পের দাবি, বর্তমানে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে। এর বিপরীতে ইরান তাদের নৌ ও বিমানবাহিনী, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হারিয়েছে।
 

সম্প্রতি অ্যারিজোনার বুলহেড সিটিতে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের প্রথম ও দ্বিতীয় সারির নেতাদের অনেকেই এখন আর নেই। এরপর তারা তৃতীয় সারির যাদের বেছে নিয়েছিল, তাদেরও অর্ধেক শেষ হয়ে গেছে।’
 

ইরানের পক্ষ থেকে আর কোনো নেতাকে হত্যা না করার জন্য প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের সেই প্রতিশ্রুতি দিয়েছি।’

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com