জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:৫০:৪৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) চালু হতে যাচ্ছে ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার’। এই কেন্দ্রে কোরীয়, জাপানি, চীনা (মান্দারিন) ও আরবি—এই চারটি ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের উদ্যোগে কেন্দ্রটি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
 

এ বিষয়ে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের আওতায় নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাবিপ্রবিকেও এ সুযোগ দেওয়া হয়েছে। শুরুতে এটি ক্রেডিটবিহীন (অডিট) কোর্স হিসেবে চালু হবে। পরবর্তী সময়ে এগুলোকে ক্রেডিট কোর্সে রূপান্তর করা হবে। শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন এবং জাপানসহ আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনে এই কোর্স বিশেষ ভূমিকা রাখবে।’
 

এই সেন্টারের কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে উপাচার্য আরও বলেন, ‘আগামী ডিসেম্বরে কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। কেন্দ্রের জনবল কাঠামো নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন দিয়েছি। অনুমোদন পেলেই কার্যক্রম পুরোদমে শুরু হবে।’
 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন এবং বিশ্বপরিসরে নিজেদের প্রতিষ্ঠিত করার নতুন সুযোগ তৈরি হবে। বহুভাষিক জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা যেন আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও বৈশ্বিক কর্মবাজারে নিজেদের যোগ্য করে তুলতে পারেন, সেটিই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
 

এ ছাড়া ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কেও জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর ক্ষেত্রে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com