বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন

বসনিয়া-হারৎসেগোভিনায় চলতি বছরের প্রথম তিন মাসে অনিয়মিতভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করতে গিয়ে শনাক্ত হয়েছেন ৬৮ বাংলাদেশি। এ সময় শনাক্ত হওয়া ব্যক্তিদের জাতীয়তা অনুযায়ী বাংলাদেশের অবস্থান পঞ্চম।
 

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদনে বসনিয়া-হারৎসেগোভিনার মন্ত্রিপরিষদের গৃহীত অভিবাসন পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অনিয়মিত সীমান্ত পারাপারের চেষ্টায় শনাক্তের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৬ শতাংশ বেড়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির সীমান্ত পুলিশ মোট ১ হাজার ১৯৩ জনকে শনাক্ত করেছে। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি মিশরের ১৩৬ জন নাগরিক। এরপর আফগানিস্তানের ১১৫, পাকিস্তানের ১১৩, বাংলাদেশের ৬৮ এবং তুরস্কের ৬৩ জন রয়েছেন।
 

এদিকে, বসনিয়া-হারৎসেগোভিনায় চলতি বছরের প্রথম তিন মাসে মোট ৩ হাজার ৪৬৮ জন অভিবাসীর তথ্য নথিভুক্ত করা হয়েছে। দেশটির বিদেশি নাগরিকবিষয়ক পরিষেবার হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬৬ শতাংশ বেশি।
 

অভিবাসীদের অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোতেও বেড়েছে মানুষের উপস্থিতি। চলতি বছরের প্রথম প্রান্তিকে এসব কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ৯২৪ জন অবস্থান করেছেন, যেখানে গত বছরের একই সময়ে গড় সংখ্যা ছিল ৫৮১।
 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বছরের প্রথম তিন মাসে দেশটিতে ৪ হাজার ৫৬৯টি অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৩ শতাংশ বেশি। এসব অনুমতি দেওয়ার প্রধান কারণ ছিল কর্মসংস্থান।
 

এদিকে, বসনিয়া-হারৎসেগোভিনার মন্ত্রিপরিষদ গত বছরের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন গ্রহণ করেছে। এতে সীমান্তে তল্লাশি ও নজরদারি, আন্তসীমান্ত অপরাধ দমন, আন্তর্জাতিক সুরক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে আচরণ, ঝুঁকি বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
 

দেশটির রাষ্ট্রীয় তদন্ত ও সুরক্ষা সংস্থার (সিপা) জন্য বিশেষায়িত যানবাহন কেনা ও ব্যবহারের শর্ত নির্ধারণে একটি বিধিমালার প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রস্তাব অনুযায়ী, চার শ্রেণিতে মোট ১৮০টি যানবাহন কেনার পরিকল্পনা রয়েছে, যার প্রতিটির দাম ৩৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার বসনীয় মার্ক হতে পারে।
 

দুর্নীতিবিরোধী রাষ্ট্রসমূহের জোট (গ্রেকো)-এর সুপারিশ বাস্তবায়নের অগ্রগতির তথ্যও পর্যালোচনার জন্য গ্রহণ করেছে দেশটির মন্ত্রিপরিষদ। ২০২৪ সালের নভেম্বরে গ্রেকো জানিয়েছিল, তাদের ২৫টি সুপারিশের মধ্যে মাত্র দুটি পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে; ১৫টি আংশিক এবং আটটি বাস্তবায়িত হয়নি। আগামী নভেম্বরে এ বিষয়ে দেশটির অগ্রগতি পুনর্মূল্যায়নের কথা রয়েছে।
 

এ ছাড়া, ২০২৫ সালে সংগঠিত অপরাধ দমনের কৌশল বাস্তবায়ন নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চারটি কৌশলগত লক্ষ্যের আওতায় ৫১টি কার্যক্রম নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি বা ৫৬ দশমিক ৮৬ শতাংশ পুরোপুরি এবং বাকি ২২টি বা ৪৩ দশমিক ১৪ শতাংশ আংশিক বাস্তবায়িত হয়েছে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com