ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০২:২০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০২:২০:৩৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুরোনো বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আরও সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

শুক্রবার (৯ অক্টোবর) এশিয়া পোস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামে এ সংঘর্ষ ঘটে। প্রায় দেড় বছর আগের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় পুরোনো চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
 

একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হলে দুই গোষ্ঠীর অন্য সদস্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হন।
 

সংঘর্ষ চলাকালে টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন এবং পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 

পরবর্তী সংঘর্ষ ঠেকাতে গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় যাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, পূর্ববিরোধের জেরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com