সৌদি আরবে কর্মরত বা নতুন করে যেতে চাওয়া দক্ষ প্রবাসী কর্মীদের জন্য পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে যোগ্য দক্ষ কর্মীরা নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া চলাকালেই স্ত্রী ও সন্তানদের জন্য প্রবেশ ভিসার (এন্ট্রি ভিসা) আবেদন করতে পারবেন।
আগের ব্যবস্থায় প্রবাসী কর্মীদের নিজেদের কর্মসংস্থান ও আবাসন বা ইকামার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের নেওয়ার সুযোগ ছিল। নতুন নিয়মে দীর্ঘসূত্রতা কমিয়ে দুটি প্রক্রিয়া একই সঙ্গে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
যাঁদের নেওয়া যাবে
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যোগ্য দক্ষ প্রবাসী কর্মীর তিন ধরনের সদস্য এই সুবিধার আওতায় পড়বেন:
১. স্ত্রী
২. ২৫ বছরের কম বয়সী ছেলে
৩. অবিবাহিত মেয়ে
যেসব শর্ত মানতে হবে
নতুন ব্যবস্থায় পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা গেলেও প্রচলিত অন্যান্য শর্ত বাতিল করা হয়নি। ভিসা আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য ও পূর্ণাঙ্গ নথিপত্র জমা দিতে হবে।
পরিবারের সদস্যরা প্রবেশ ভিসা পাওয়ার পর সেটির মেয়াদ অনুযায়ী সৌদি আরবে যেতে পারবেন। তবে দেশটিতে পৌঁছানোর পরই তাঁরা স্বয়ংক্রিয়ভাবে আবাসনের অনুমতি পাবেন না। সৌদি আইন, বিধি ও সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী দেশটিতে পৌঁছানোর পর তাঁদের আবাসন বা ইকামার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সৌদি আরবের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত দক্ষ প্রবাসী কর্মীদের জন্য প্রক্রিয়া সহজ করা এবং দেশটিতে বসবাসকারীদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।