মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান চলাকালে বেতকা বাজারের মেসার্স লিংকন অ্যান্ড জনি ভ্যারাইটিজ স্টোরে দেখা যায়, প্রতিটি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে, অর্থাৎ ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এই অপরাধে ওই দোকানের মালিক বাবুল খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে চলার বিষয়ে বাজারের অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে টঙ্গীবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গীবাড়ী থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।