বাগেরহাট জেলা কারাগারে সকালে নাশতা খাওয়ার সময় গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তাঁর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। তিনি বাগেরহাট জেলা কারাগারে (হাজতি নম্বর ৪২৪১/২৬) বন্দী ছিলেন। কারাগার সূত্রে জানা যায়, আজ সকালে হাজতিদের নাশতা হিসেবে সবজি ও রুটি দেওয়া হয়েছিল। খাওয়ার একপর্যায়ে চাঁন মিয়ার গলায় খাবার আটকে যায়।
বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানাকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।