‘নেশাগ্রস্ত’ ও নির্যাতনকারী স্বামীর সংসার থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে বসে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল আটটার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে বাজারে বসে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে তাঁদের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে সুমন শেখ (৩২) নামের এক ব্যক্তির বিয়ে হয়।
জুলেখা বেগম জানান, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে নির্যাতন করতেন স্বামী সুমন শেখ। নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিয়মিত মারধর করতেন। কয়েক দিন আগে কাজীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তালাক সম্পন্ন করে মেয়েকে সেই সংসার থেকে মুক্ত করে আনেন তাঁরা। এরপর নিজের করা একটি ওয়াদা রক্ষার্থেই আজ সকালে বাজারে গিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন তিনি।
মনিরা খাতুনের বাবা মহাশিন মোল্লাও মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিয়ের পর থেকেই স্বামী তাঁর মেয়েকে নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। অত্যাচারে অতিষ্ঠ হয়েই মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর শুক্রবার সকালে তাঁর স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।
তবে মারধর ও মাদকাসক্তির এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক স্বামী সুমন শেখ। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ সঠিক নয়।