ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। একই সঙ্গে উপনির্বাচনে তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে স্থানীয় অঙ্গনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এদিকে এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।