ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচেই বড় হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে টমাস ডুলির দল। পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগ কার্যত নিষ্প্রভ ছিল।
শুরু থেকেই বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল মালয়েশিয়ার। প্রথমার্ধেই দুই গোল হজম করে চরম চাপে পড়ে যায় বাংলাদেশ। মালয়েশিয়ার উইঙ্গার আরিফ আইমান জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান। বিরতির পর ৫২ মিনিটে ফরোয়ার্ড বার্গসন আরও এক গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ম্যাচে ফেরার মতো কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের আগে বাংলাদেশকে তুলনামূলক পিছিয়ে থাকা দল হিসেবেই উল্লেখ করেছিলেন কোচ টমাস ডুলি। এই টুর্নামেন্টটিকে আগামী নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন তিনি। মালয়েশিয়ার বিপক্ষে ভালো ফল পাওয়া কঠিন হবে বলে ম্যাচের আগেই বাস্তবতার কথা স্বীকার করেছিলেন এই জার্মান কোচ।
আসিয়ান কাপের প্রথম ম্যাচে হারের পর এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে টমাস ডুলির দল। এরপর আগামী ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।