সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের সঙ্গে নাচের ভিডিও প্রকাশ করে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছিলেন বিউটি রানী পাল। এবার সেই বিউটি পালই ২০২৬ সালের জন্য সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিউটি রানী পালকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত বিভিন্ন সূচকে শিক্ষকদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। পাঠদান পদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা এবং সহশিক্ষা কার্যক্রমে ভূমিকার মতো বিষয়গুলো মূল্যায়ন করেই তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় বিউটি পালের নাম ছিল। শিক্ষা কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিযুক্ত এই শিক্ষকের বিদ্যালয়ে তাঁর সার্বিক অবদানও এবারের মূল্যায়নে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
সম্প্রতি ‘শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে’ গানের সঙ্গে বিউটি রানী পালের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে সে সময় শিক্ষক, লেখক ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ তাঁর পাশে দাঁড়ান এবং ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পক্ষে সোচ্চার হন।