একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:৫৯:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:৫৯:০৮ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের যে মঞ্চ থেকে এক দিন আগে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২৪ ঘণ্টা পর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে তার কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই ভবনে মাত্র এক দিনের ব্যবধানে দুই দেশের নেতার এই পাল্টাপাল্টি ভাষণে ইরান যুদ্ধের পরিণতি কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।
 

আল–জাজিরার খবর অনুযায়ী, ভাষণ দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কয়েকটি শিশুর ছবি তুলে ধরেন। তিনি জানান, এসব শিশু মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের হামলায় নিহত হয়েছে। ছবি প্রদর্শনের সময় ইরানের ভাষণ শুনতে পাঠানো একমাত্র মার্কিন কূটনীতিক উঠে সভাস্থল ত্যাগ (ওয়াকআউট) করেন।
 

ভাষণে তেহরানের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের ওপর হামলা চালানো হলেও দেশটি আত্মসমর্পণ করেনি এবং যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত আত্মসমর্পণ করবেও না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান দেখিয়ে দিয়েছে যে নিজেদের রক্ষায় লড়াই করতে তারা ভয় পায় না।
 

পেজেশকিয়ানের ভাষণের সময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা। এর এক দিন আগেই কাতারের মধ্যস্থতায় সংঘাতের অবসানে নিজেদের শর্ত নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছিলেন তাঁরা। ট্রাম্প ওই আলোচনাকে ফলপ্রসূ বলে অভিহিত করলেও পেজেশকিয়ান বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন। তিনি বলেন, অতীতেও আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ফলে ওয়াশিংটনের ওপর আস্থার সংকট রয়েছে।
 

এর আগে ট্রাম্প তাঁর ভাষণে বলেছিলেন, ইরান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতেই। জবাবে পেজেশকিয়ান বলেন, এ বিষয়ে ইরানেরও সিদ্ধান্ত জানানোর অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি আলোচনার পাশাপাশি প্রতিরোধ চালিয়ে যাওয়ার অবস্থানও তুলে ধরেন। দুই দেশের নেতার এই মুখোমুখি অবস্থানের পর যুদ্ধটি ঠিক কীভাবে শেষ হবে, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]