জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী আয়োজন শুরু হয়। ১৮ কোটি মানুষের বার্তা নিয়ে বিশ্বমঞ্চের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর আগে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আয়োজিত এক প্রাতরাশসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
অধিবেশনের ফাঁকে মালদ্বীপের উপরাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার অংশীদারত্ব এবং সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তেল-গ্যাসের সরবরাহব্যবস্থাসহ জ্বালানি সংকট সমাধানে বিশ্বব্যাংক কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে কথা হয়েছে। সংস্থাটি এ বিষয়ে এগিয়ে আসতে এবং সহায়তা দিতে রাজি হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা যাতে বৈশ্বিক সরবরাহব্যবস্থার কারণে ব্যাহত না হয়, তা নিশ্চিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।