মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বিমানের একাধিক সূত্র জানিয়েছে, নিউইয়র্ক সময় আজ বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে এই চুক্তি সই হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে ইতিমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন বিমানের চেয়ারম্যান রুবি এ হোসেন। এ ছাড়া বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ যে বোয়িং থেকে আরও উড়োজাহাজ কিনছে, সেটি আগেই প্রকাশিত হয়েছিল। প্রধানমন্ত্রীর চলতি নিউইয়র্ক সফরেই এই চুক্তি সই হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তবে নতুন এই ১১টি উড়োজাহাজের মডেল, দাম, অর্থায়ন পদ্ধতি এবং সরবরাহের সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, নতুন করে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। তারও আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। ওই চুক্তি অনুযায়ী, ২০৩১ সালে প্রথম এবং ২০৩৫ সালে শেষ উড়োজাহাজটি হাতে পাওয়ার কথা রয়েছে।
এদিকে বোয়িংয়ের পাশাপাশি আগামী মাসে উড়োজাহাজ নির্মাতা আরেক প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গেও একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। ওই চুক্তির আওতায় এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনতে পারে বাংলাদেশ। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৪টি বোয়িং এবং বাকি ৫টি কানাডার ড্যাশ-৮ মডেলের।