এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। সকাল ১০টার দিকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশের কথা রয়েছে। গত বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফল তিনটি পদ্ধতিতে জানা যাবে। প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে। দ্বিতীয়ত, আবেদন করার সময় পরীক্ষার্থীর দেওয়া মুঠোফোন নম্বরে সরাসরি খুদে বার্তা বা এসএমএস পাঠানো হবে। এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইট (https://rescrutiny.eduboardresults.gov.bd) থেকেও শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন।
 

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন করেছেন। এর মধ্যে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্রের জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে।
 

বোর্ডের নিয়মে এত দিন উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না; কেবল প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে কোনো ভুল হয়েছে কি না, তা পুনর্নিরীক্ষণ করে দেখা হতো। তবে এবার প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নও করা হচ্ছে। বিপুলসংখ্যক উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করতে গিয়ে শিক্ষা বোর্ডগুলোকেও এবার বেশ চাপের মুখে পড়তে হয়েছে।
 

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে আসে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় প্রায় ১৯ হাজার কমে যায়।
 

পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার প্রভাবেই মূলত এবার ফল পুনর্নিরীক্ষণের এত বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বোর্ডগুলোর তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ ছাড়া রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুরসহ সব কটি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]