ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০১:১৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০১:১৪:০২ অপরাহ্ন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
 

গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিসে একদল প্রবাসীর হাতে মারধর ও হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি জানান, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন তাঁকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়, হামলাকারীরা নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন এবং অভিনেত্রীর ভাই তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
 

ফেসবুক লাইভে আতঙ্কিত ও আঘাতপ্রাপ্ত বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে কয়েকজন বাঙালি আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি ও কোক ছুড়ে মেরেছে। আমার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাও ছিল। তারা আমার গায়ে হাত তুলেছে, ফোন ফেলে দিয়েছে এবং কানের কাছে আঘাত করেছে।’ বাঁধন আরও জানান, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে তাঁকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। নিজেকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বাঁধন জানান, এই ঘটনায় তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
 

এ বিষয়ে সচিবালয়ে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।’ তিনি আরও বলেন, একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]