সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি রেস্তোরাঁয় জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে যাঁরা স্বজন হারিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, তাঁর মৃত্যু থেকে দাফন—কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না। এ সময় সরকারের বিভিন্ন কার্ড প্রকল্পেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে শুধু কার্ড তৈরির প্রকল্পেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন সম্ভব নয় বুঝতে পেরে এখন আর এ নিয়ে কোনো আলোচনা করছে না। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যার বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা থাকে।
পরে ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলটির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার নানা বিষয়ে আলোচনা করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।