শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি দেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে শিক্ষার ক্ষেত্রে কৌশলগত অগ্রাধিকার ও পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
সাক্ষাৎকালে ‘গুগল এডুকেশন’-এর সার্বিক কার্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, জেমিনাই (Gemini) একাডেমি ও ক্রোমবুকের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কীভাবে যৌথভাবে কাজ করা যায়, সে বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তনে কাজ করা হচ্ছে, যেখানে গুগলের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যবহার বৃদ্ধি করতে হলে শিক্ষকদেরও এ বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন ক্ষেত্রে জোর দিয়েছে। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কনটেন্ট ডেভেলপমেন্ট প্রভৃতি ক্ষেত্রেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।