বর্তমান বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কথা দিয়ে কথা না রাখায় জনগণ এই সরকারকে ক্ষমা করবে না।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত জনতার উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদের কি ২০২৪ সাল স্মরণে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন, মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি কি পূরণ হয়েছে? হয়নি। সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং তা পূরণ করেই ঘরে ফিরব।’
লংমার্চের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের রাস্তায় নামার প্রধান কারণ হলো গণভোটের গণরায় ও চব্বিশের চার্টার বাস্তবায়ন করা। আপনাদের জুলাই ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করা।’
সরকারের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে। প্রতারণা এবং কথা দিয়ে কথার বরখেলাপ করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লংমার্চ আজ শুরু হলেও এটিই শেষ নয়; বিজয় নিয়েই তাঁরা ঘরে ফিরবেন।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এই পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এনপিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।