যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০২:২০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০২:২০:০১ অপরাহ্ন

উবার ও ওয়েমোর মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে এবার চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ (Cybercab) চালু করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নতুন এই গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আজ শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য এই সেবা উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
 

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো এই সোনালি রঙের সাইবারক্যাব প্রকাশ্যে আনা হয়েছিল। এই গাড়ির সবচেয়ে বড় চমক হলো—এতে কোনো ব্রেক, অ্যাক্সিলারেটর প্যাডেল কিংবা স্টিয়ারিং হুইল নেই। মূলত চালক ছাড়াই ট্যাক্সিসেবা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা এই গাড়িতে অনায়াসে দুজন যাত্রী বসতে পারবেন।

 

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অস্টিন শহরের ওপর বিশাল আকৃতির একটি সাইবারক্যাবের ছবি প্রকাশ করেন। উল্লেখ্য, টেসলার সদর দপ্তরও এই অস্টিন শহরে অবস্থিত।
 

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অস্টিনের রাস্তায় সাইবারক্যাব চলতে দেখা গেছে। টেসলার রাইড শেয়ারিং অ্যাপেও যাত্রীদের জন্য নতুন এই গাড়ি বেছে নেওয়ার সুযোগ যুক্ত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘অস্টিন আমেরিকান-স্টেটসম্যান’ জানিয়েছে, অস্টিনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাই প্রথম চালকবিহীন এই সাইবারক্যাবে যাত্রার সুযোগ পান। অনুষ্ঠানে গণমাধ্যমের কোনো প্রবেশাধিকার ছিল না।
 

টেসলা তাদের বিভিন্ন প্রচারণায় এই সাইবারক্যাবকে পরিচ্ছন্ন পরিবহন এবং বয়স্ক বা প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ সুবিধাজনক বলে উল্লেখ করেছে। অস্ট্রেলিয়া থেকে অস্টিনে যাওয়া পর্যটক গ্রাহাম স্প্রিগ এএফপিকে বলেন, সাইবারক্যাব ‘মানবজাতির জন্য পরিবর্তন নিয়ে আসবে’। ব্যক্তিগত গাড়ির বদলে পরিবহনকে সেবা হিসেবে ব্যবহারের প্রবণতা এর মাধ্যমে আরও বাড়বে।

 

গত বছর অস্টিনে টেসলা তাদের ‘মডেল ওয়াই’ এসইউভি ব্যবহার করে চালকবিহীন রোবোট্যাক্সিসেবা চালু করেছিল। চালকবিহীন গাড়ির জন্য টেক্সাসের আইন তুলনামূলক শিথিল হওয়ায় এই অঙ্গরাজ্যটি বর্তমানে রোবোট্যাক্সি কোম্পানিগুলোর অন্যতম পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে।
 

তবে টেসলার জন্য এই বাজার একেবারেই ফাঁকা নয়। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি কোম্পানি ‘ওয়েমো’ বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে সেবা দিচ্ছে। ফলে টেসলার নতুন সাইবারক্যাবের সামনে ইতিমধ্যে প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। টেক্সাস মোটরযান বিভাগের তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত বুধবার পর্যন্ত অঙ্গরাজ্যটিতে টেসলার নিবন্ধিত রোবোট্যাক্সির সংখ্যা ছিল ৩১৪টি, যার মধ্যে ৪৫টিই হলো সাইবারক্যাব।
 

টিডি সিকিউরিটিজের বিশ্লেষক ইতাই মিখায়েলি মনে করেন, সাইবারক্যাবের রোবোট্যাক্সিসেবা শুরুতে ধীরগতিতে এগোতে পারে। প্রাথমিক ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে পরে টেসলা এই সেবা আরও বিস্তৃত করবে। নিউইয়র্কভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান কর্নেল টেকের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী অ্যান্থনি টাউনসেন্ড বলেন, টেসলা কেবল শুরু করেছে। এখন মূল প্রতিযোগিতা হবে কোন কোম্পানি সবচেয়ে কার্যকর ব্যবসায়িক মডেল দাঁড় করাতে পারে, তার ওপর।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]