২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
একাদশে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এবার প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আবেদন গ্রহণ, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও ভর্তি নিশ্চায়নের পর চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নতুন এই নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তিপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে তুলে ধরা হলো:
-
আবেদন গ্রহণ: ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর (রাত ৮টা পর্যন্ত)।
-
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তিতদের আবেদন: ১২ থেকে ১৩ সেপ্টেম্বর (রাত ৮টা পর্যন্ত)।
-
১ম পর্যায়ের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, রাত ৮টায়।
-
শিক্ষার্থী নিশ্চায়ন: একাদশের ক্ষেত্রে নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি শেষ হবে। আলিমের ক্ষেত্রে ১৯ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
-
চূড়ান্ত ভর্তি: ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬।
-
ক্লাস শুরুর তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।