প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এ ছাড়া চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় চিঠিতে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে এই চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সব সময় মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।