মো. আব্দুজ জাহের . বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে পাহাড়ধসে একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, ঘটনার তিন দিন পর আজ সোমবার উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেওয়া হলেও কেউ ঘটনাস্থল পরিদর্শনে যাননি। তবে ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ইত্তুকমুয়া চাকমা জানান, শুক্রবার রাতে হঠাৎ পাহাড়ধসের ঘটনায় তাঁদের বসতবাড়ি বিধ্বস্ত হয়। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়েন।
পাহাড়ধসের খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইজ উদ্দিন সাজুর তত্ত্বাবধানে নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাঁদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে আরও কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান।
ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মো. আজগর আলী, মারিশ্যা ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম এবং ইউনিয়ন বিএনপির সদস্য নীতিশংকর চাকমা।
পরিবার সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঘটনার তিন দিন পর আজ সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পাহাড়ধসের এত বড় ঘটনার পরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যাননি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।