কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৮:৫৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৮:৫৩:৩৪ অপরাহ্ন

সত্যম চক্রবর্তী, নেত্রকোনাঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে নৌকায় করে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও তিন জেলে আহত হয়েছেন। বজ্রপাতের বিকট শব্দে তাঁরা সাময়িকভাবে শ্রবণশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাস ও উমাতারা দাসের ছেলে।
 

অন্যদিকে, এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা চারজনই পেশায় মৎস্যজীবী এবং একে অপরের প্রতিবেশী।


স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে এই চার মৎস্যজীবী প্রতিদিনের মতোই নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। গতকাল ভোররাতে হাওরে জাল ফেলার সময় হঠাৎ বিকট শব্দে নৌকার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই রতন দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর তিন জেলে আহত হন এবং সাময়িকভাবে তাঁদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
 

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত হাওরে ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহত রতন দাসের পরিবারসহ পুরো নয়াপাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোররাতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ ঘটনায় কলমাকান্দা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]