মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৯:৪৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৯:৫১:২৭ অপরাহ্ন

ক্রিকেট মাঠে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে ব্যাটারের সজোরে মারা স্ট্রেট ড্রাইভ সরাসরি তাঁর মুখে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

 

গতকাল সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ইস্ট দিল্লির দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করে ব্যাট করছিল নিউ দিল্লি। নিউ দিল্লির ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনার বলে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন ব্যাটার লক্ষয় থারেজা। বলটি এত দ্রুত আম্পায়ার ভরদ্বাজের দিকে ধেয়ে যায় যে তিনি সরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ পাননি। বলটি সজোরে তাঁর মুখের ডান পাশে আঘাত করে।
 

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন ভরদ্বাজ। ঘটনাটি দেখে হতভম্ব হয়ে যান ব্যাটার থারেজাও। দ্রুত আম্পায়ারের কাছে ছুটে যান খেলোয়াড় ও চিকিৎসাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়।

 

প্রাথমিক চিকিৎসার পর ভরদ্বাজকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরও পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
 

উল্লেখ্য, চলতি দিল্লি প্রিমিয়ার লিগে ভরদ্বাজের গায়ে বল লাগার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে অপর একটি ম্যাচে একটি শট তাঁর কাঁধে লেগেছিল, তবে সেবারের আঘাত গুরুতর ছিল না।

 

আম্পায়ারের এমন দুর্ঘটনার এই ম্যাচ শেষ পর্যন্ত জিতেছে ইস্ট দিল্লি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান তোলে তারা। জবাবে নিউ দিল্লি টাইগার্স ১৯.২ ওভারে ১৫৬ রানে অলআউট হলে ৩৬ রানের জয় পায় ইস্ট দিল্লি। তবে ম্যাচের ফলাফলের চেয়ে ক্রিকেট মহলে এখন বেশি আলোচনা হচ্ছে আম্পায়ার ভরদ্বাজের শারীরিক অবস্থা নিয়ে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]